যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচন আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। নির্বাচনে মুখোমুখি হয়েছেন বর্তমান মেয়র কারেন বাস এবং সিটি কাউন্সিলের চতুর্থ ডিস্ট্রিক্টের সদস্য নিথিয়া রামান। একসময় রাজনৈতিক মিত্র থাকলেও এবার মেয়র পদে দুজনের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে শহরের রাজনীতিতে তীব্র আলোচনা ও উৎসাহ তৈরি হয়েছে। একদিকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার কথা তুলে ধরছেন কারেন বাস। অন্যদিকে শহরের মৌলিক সেবা, আবাসন, গৃহহীনতা মোকাবিলা এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন নিথিয়া রামান। নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে দুই প্রার্থীর সমর্থন প্রায় সমান দেখা গেছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে জোর প্রচার চালিয়েছেন তাঁরা। বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয়, গৃহহীন মানুষের সংখ্যা, পুলিশের ভূমিকা, নগরের অবকাঠামো, দাবানলের পর পুনর্গঠন এবং ২০২৮ সালের অলিম্পিক আয়োজন—সবকিছুই নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় বাংলাদেশি ভোটার ও কমিউনিটির নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে দুই প্রার্থীর প্রচারশিবির। মতবিনিময় সভা, স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং ভোটারদের কাছে সমর্থন চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটিও নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।কারেন বাস: স্বাস্থ্যসেবাদাতা থেকে রাজনীতির শীর্ষেকারেন বাসের পুরো নাম কারেন রুথ বাস। ১৯৫৩ সালের ৩ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে তাঁর জন্ম ও সেখানেই বেড়ে ওঠা। কমিউনিটি সংগঠক হিসেবে রাজনৈতিক জীবনের শুরু হলেও পরে তিনি স্বাস্থ্যসেবা পেশায় যুক্ত হন। তিনি চিকিৎসক নন; একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। লস অ্যাঞ্জেলেস কাউন্টি-ইউএসসি মেডিক্যাল সেন্টারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।১৯৯০ সালে দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে ‘কমিউনিটি কোয়ালিশন’ প্রতিষ্ঠা করেন বাস। মাদকাসক্তি, এইডস, অপরাধ এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের মতো সমস্যা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সংগঠিত করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য।২০০৪ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিতে নির্বাচিত হন বাস। ২০০৮ সালে তিনি অ্যাসেম্বলির স্পিকার হন। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে স্পিকারের দায়িত্ব পালনের ইতিহাস গড়েন তিনি। এরপর…
Leave a Reply