চলতি বছরের ২৭ অক্টোবর। প্রকৃতিতে তখন হেমন্তের আবহ। ভোরের বাতাসে হালকা শীতের পরশ, চারদিকে স্নিগ্ধ আলো। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলাম ব্রহ্মপুত্রের তীরঘেঁষা জয়নুল আবেদিন উদ্যানে। হাঁটা শেষে ফেরার পথে একটু ঢুঁ মারলাম ময়মনসিংহের কাছারিঘাট এলাকার বাংলাদেশ নার্সারিতে। হঠাৎ চোখ আটকে গেল এক কোণে রাখা কয়েকটি টবের লতানো গাছে। গাছে ফুটে আছে লালচে-গোলাপি আভাযুক্ত ছোট ছোট ফুল। পাপড়ির কিনারায় সূক্ষ্ম সাদা রেখা, রঙের বৈপরীত্যে অপূর্ব তাদের সৌন্দর্য। ভোরের কোমল আলোয় ফুলগুলো যেন আরও মায়াবী হয়ে উঠেছে। মুগ্ধ হয়ে ঝটপট কয়েকটি ছবি তুলে নিলাম। ফুলটির নাম জাপানি মর্নিং গ্লোরি। বাংলায় একে ‘জাপানি ভোর গরবী’ বলা চলে।এই আকর্ষণীয় ফুলের বৈজ্ঞানিক নাম Ipomoea nil। এটি কনভলভালাসি বা কলমি পরিবারের একটি শোভাবর্ধক লতা। মর্নিং গ্লোরি নামের মধ্যেই যেন লুকিয়ে আছে ভোরের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। সকালের আলোয় ফুটে ওঠা এই ফুলের সৌন্দর্য বাগানপ্রেমীদের সহজেই মুগ্ধ করে।‘ক্যামিও এলিগ্যান্স’ জাতটির প্রধান আকর্ষণ এর ফুলের রং ও নকশা। পাপড়িতে ফুটে ওঠে গাঢ় গোলাপি কিংবা লালচে-গোলাপি আভা, যার কিনার ঘিরে থাকে সূক্ষ্ম সাদা বেষ্টনী। এই রঙের মেলবন্ধন ফুলকে দিয়েছে স্বতন্ত্র নান্দনিকতা। আকারে খুব বড় না হলেও এর ব্যতিক্রমী রঙের বিন্যাস সহজেই দৃষ্টি আকর্ষণ করে। গাঢ় সবুজ পাতার সঙ্গে ফুলের রঙের বৈপরীত্য গাছটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।জাপানি মর্নিং গ্লোরি মূলত দ্রুত বর্ধনশীল, লতানো প্রকৃতির উদ্ভিদ। এর নরম কাণ্ড অবলম্বন পেলে বেয়ে ওপরে উঠতে পারে। পাতাগুলো সাধারণত হৃৎপিণ্ডাকৃতির, কখনো তিন খণ্ডে বিভক্ত। পাতার কক্ষ থেকে বের হয় ফুলের ডাঁটা। উপযুক্ত পরিবেশে লতা বেড়া, জাল কিংবা মাচা জড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অল্প জায়গাতেই তৈরি করা যায় সবুজের সঙ্গে রঙিন ফুলের মনোরম সমাহার।জাপানে মর্নিং গ্লোরি ‘আসাগাও’ নামে পরিচিত। উনিশ শতকে দেশটিতে এই ফুলের নানা রং, পাপড়ির গঠন ও পাতার বৈচিত্র্য নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। উদ্যানপ্রেমীরা বাছাই ও প্রজননের মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্যের জাত গড়ে তোলেন। জাপানের উদ্যানসংস্কৃতিতে ফুলটি বিশেষ স্থান অর্জন করে।…
Leave a Reply