পূর্ব বাকরা প্রতিনিধি:
চাঁদপুরের ৬ নং উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব বাকরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজির হোসেন স্বপন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, সাম্য, ন্যায়বিচার ও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় নাজির হোসেন স্বপন বলেন, “বাংলাদেশ আমাদের সবার দেশ। ধর্ম যার যার,বাংলাদেশ সবার। আমরা চাই, সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করুক এবং একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াক।”
তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি আনন্দ, সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতীক। ৬ নং উপাদী দক্ষিণ ইউনিয়নে এমন একটি পরিবেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন এবং নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবেন।
নিজেকে ৬ নং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় দিয়ে নাজির হোসেন স্বপন বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চান না; বরং মানুষের পাশে থেকে কাজ করতে চান। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে সরকারি বরাদ্দ ও উন্নয়নমূলক সুযোগ-সুবিধা দল-মত, ধর্ম ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায্যতার ভিত্তিতে বণ্টনের জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার রক্ষা, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা জরুরি। একজন জনপ্রতিনিধির কাছে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবেন—এমন একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই হওয়া উচিত জনপ্রতিনিধির অন্যতম প্রধান লক্ষ্য।
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, তিনি শুধু সমর্থন বা ভোট চান না; এলাকার উন্নয়নে সবার ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাও প্রত্যাশা করেন। একই সঙ্গে এলাকার মানুষের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং ভালো কাজে উৎসাহ দেওয়ার আহ্বান জানান তিনি।
নাজির হোসেন স্বপন বলেন, “আমরা সবাই মিলে এমন একটি উপাদী দক্ষিণ ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে ধর্মীয় বিদ্বেষ ও অন্যায়-অবিচারের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও উন্নয়ন।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি পূর্ব বাকরার শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে উদ্যাপিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে নিজের জন্য দোয়া চান, যেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে মানুষের সেবা করতে পারেন।
তিনি তাঁর বক্তব্যে মানবতার জয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান এবং উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।
Leave a Reply