রিকশায় চড়ার সময় শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদেরও কিছু বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছু নেই। তাই সাবধান থাকা জরুরি। রাজধানীর বনশ্রীতে সকালের ব্যস্ত সড়ক। ছেলে ইলহামকে নিয়ে স্কুলের সামনে রিকশা থেকে নামলেন সোনিয়া আক্তার। নেমেই ছেলের এক হাত ধরে দ্রুত রাস্তার পাশের ফুটপাতে নিয়ে গেলেন। বারবার পেছনে তাকাচ্ছিলেন। মনে একটাই ভয়, পেছন থেকে কখন কোন রিকশা এসে ধাক্কা দেয়! শিশুকে নিয়ে রাস্তায় চলাচলের সময় এমন উদ্বেগের অভিজ্ঞতা এখন অনেক অভিভাবকেরই। বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার কারণে এ দুশ্চিন্তা আরও বেড়েছে। সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, সন্তানকে নিয়ে রিকশায় চলাচলের সময় পুরো পথই সতর্ক থাকতে হয়। তিনি বলেন, ‘শিশুদের নিয়ে বাইরে বের হলে সব সময় একটা দুশ্চিন্তা কাজ করে। রিকশায় বসে শিশুরা আশপাশের গাড়ি দেখতে গিয়ে কখনো একদিকে ঝুঁকে পড়ে, আবার কখনো কৌতূহলবশত হাত বাইরে বের করে দেয়। তাই আমি ছেলেকে সব সময় পুরো পথ আগলে রাখি। রিকশা চলার সময় তার দিকে আলাদা নজর রাখি। চালককেও ধীরে চালাতে বলি। কারণ, একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছু নেই।’ শুধু অভিভাবকের সতর্কতাই নয়, শিশুকে নিয়ে কী ধরনের রিকশায় চলাচল করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। পায়ে টানা রিকশা এখন খুব একটা চোখে পড়ে না। যন্ত্রচালিত রিকশারও আছে বিভিন্ন ধরন। ঢাকার ওয়ারী ট্রাফিক জোনের সহকারী ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (এটিএসআই) মো. আনওয়ারুল ইসলাম বলেন, ‘চিকন চাকার অটোরিকশাগুলো তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ। এসব রিকশার গতি বেশি থাকে। হঠাৎ জোরে ব্রেক করলে ভারসাম্য হারিয়ে উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশুদের নিয়ে চলাচলের ক্ষেত্রে এ ধরনের রিকশা এড়িয়ে চলা উচিত। অন্যদিকে মোটা চাকার অটোরিকশাগুলো তুলনামূলক ধীরগতিতে চলে এবং এগুলোর ভারসাম্যও কিছুটা ভালো থাকে। তাই শিশুদের নিয়ে যাতায়াতের সময় চিকন চাকার অটোরিকশার পরিবর্তে মোটা চাকার অটোরিকশা ব্যবহারের পরামর্শ দেব।’ ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর মো. আনওয়ারুল…
Leave a Reply