৪০০ বছরের পুরোনো দত্তের বাজারে এখন পাইকারি ব্যবসায়ী হাতে গোনা, বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন।পুরোনো ব্রহ্মপুত্র নদের ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা ৪০০ বছরের এক সোনালি ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী একটি গ্রামীণ বাজার। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার দক্ষিণ প্রান্তে এবং কিশোরগঞ্জ জেলার সীমানা ঘেঁষে অবস্থিত প্রাচীন নৌবাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’। উন্নয়নের ধারায় এ বাজারের যোগাযোগব্যবস্থায় এসেছে পরিবর্তন। প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাজারটির সঙ্গে নানা দিক থেকে সড়কপথে এখন সংযোগ স্থাপিত হয়েছে। নদীমাতৃক বাংলার শিকড়-ছোঁয়া হাটটি ক্রমেই এই জনপদের বাণিজ্য, যোগাযোগ ও সামাজিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে উঠেছে।ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে গড়ে ওঠা দত্তের বাজারে আবহমান বাংলার চিরাচরিত ঐতিহ্যের দেখা মেলে। গভীরভাবে দেখলে হাটটি যে কাউকে ফিরিয়ে নিয়ে যায় অতীত স্মৃতির মন্থনে। যেখানে শহুরে আধুনিকতার ছোঁয়া লাগেনি; বরং আশপাশের গ্রাম ও চরগুলোর মানুষ এখনো এই হাটের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। যেমনটি তারা করে এসেছে কয়েক প্রজন্ম ধরে। শত শত বছর ধরে অস্থায়ী দোকাননির্ভর এ হাটে এখন কিছু স্থায়ী দোকান বসেছে। নদের তীরের হাটটিকে দুই ভাগ করে মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও থেকে গাজীপুরের টোক অভিমুখী সড়ক। এই সড়ক স্থাপনের পর দুই পাশে গড়ে উঠেছে স্থায়ী দোকান।জাতীয় তথ্য বাতায়নের তথ্য বলছে, ১৩৯২ সালে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ এলাকা মুসলিম শাসনে আসে। এরপর মোগল শাসনামলে এ অঞ্চলে বেশ কিছু হাটবাজার প্রতিষ্ঠা লাভ করে। গফরগাঁও উপজেলা ডিজিটাল পাবলিক সার্ভিস প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, দত্তের বাজার একটি ঐতিহাসিক হাট। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত শত শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী হাটটি পাইকারি মাছ, পাট ও কাঁচাবাজারের জন্য বিখ্যাত।স্থানীয় মানুষের ধারণামতে, দত্তের বাজারের জন্ম মোগল শাসনামলের মাঝামাঝি কোনো এক সময়ে। অতীতে ব্রহ্মপুত্র নদই ছিল এ অঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান পথ। ব্রহ্মপুত্রের অববাহিকায় একসময় প্রচুর শণ জন্মাত। সেই শণ দিয়ে এ অঞ্চলের মানুষ ঘর, ঘরের চালা, বেড়া, ঝাড়ু, রশিসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি…
Leave a Reply