কারও অভিনয় মনে দাগ কাটে, কেউ হয়ে ওঠেন সময়ের প্রতীক, আবার কারও উপস্থিতিই সিনেমাকে দেয় আলাদা মাত্রা। কিন্তু একজন ভালো অভিনেতা আর একজন বড় চলচ্চিত্র তারকার মধ্যে পার্থক্য কোথায়? অভিনয়দক্ষতা, জনপ্রিয়তা, সৌন্দর্য, ব্যক্তিত্ব, নাকি পর্দায় উপস্থিতির সেই দুর্বোধ্য জাদু? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিশ্বের বিনোদনবিষয়ক প্রভাবশালী সাময়িকী ভ্যারাইটি প্রকাশ করেছে সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তারকার তালিকা। সেখানে এক নম্বরে জায়গা পেয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট, তৃতীয় চার্লি চ্যাপলিন। চতুর্থ জ্যাক নিকলসন, পঞ্চম ক্যাথরিন হেপবার্ন। তালিকায় আছেন হলিউড, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সময়ের তারকারা। পুরোনো দিনের নির্বাক চলচ্চিত্রের শিল্পী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের জেনডায়া, টিমোথি শ্যালামে ও রবার্ট প্যাটিনসন—কেউ বাদ পড়েননি। ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র জায়গা পেয়েছেন বলিউডের শাহরুখ খান। তাঁর অবস্থান ৯২ নম্বরে। তবে এটি কেবল জনপ্রিয়তা কিংবা বক্স অফিস সাফল্যের ভিত্তিতে তৈরি তালিকা নয়। ভ্যারাইটির পাঁচ সমালোচক—ওয়েন গ্লাইবারম্যান, গাই লজ, ড্যানিয়েল ডি’অ্যাডারিও, অ্যালিসন হারম্যান ও আরামাইড টিনুবু—তারকাদের মূল্যায়নে গুরুত্ব দিয়েছেন অভিনয়শৈলী, জনপ্রিয়তা, সাংস্কৃতিক প্রভাব, ইতিহাসে তাঁদের অবস্থান এবং পর্দায় দর্শককে মুগ্ধ করার ক্ষমতাকে। তাঁদের বিবেচনায়, ভালো অভিনেতা হলেই কেউ চলচ্চিত্র তারকা হয়ে ওঠেন না। তারকাখ্যাতির জন্য প্রয়োজন এমন এক আকর্ষণ, যা দর্শককে পর্দার দিকে টেনে রাখে। এখানে তারকাখ্যাতির কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা নেই। কেউ অভিনয়ের জাদুতে, কেউ ব্যক্তিত্বে, কেউ আবার সিনেমার ইতিহাস বদলে দিয়ে জায়গা করে নিয়েছেন।সিনেমার দৃশ্যে মেরিলিন মনরো। আইএমডিবি এক নম্বরে কেন মেরিলিন মনরোহলিউডের ইতিহাসে মেরিলিন মনরোর মতো তারকা খুব বেশি আসেননি। ১৯৫০-এর দশকে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। স্বর্ণকেশী চুল, আবেদনময়ী উপস্থিতি, মোহময় হাসি—সব মিলিয়ে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল এক অনন্য তারকাচিত্র। কিন্তু ভ্যারাইটির মূল্যায়নে মনরো কেবল সৌন্দর্য কিংবা যৌন আবেদনের কারণে শীর্ষে নন।১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুর ছয় দশকের বেশি সময় পরও তাঁর জনপ্রিয়তা কমেনি; বরং নতুন প্রজন্মের কাছেও তিনি হয়ে উঠেছেন আগ্রহের বিষয়।ভ্যারাইটির সেরা…
Leave a Reply