নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মঞ্চে গান গাইছেন সাদা স্যুট পরা এক তরুণ। মুখভর্তি দাড়ি, হাতে গিটার। তাঁর কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে একটি দেশের নাম—বাংলাদেশ। তখন মুক্তিযুদ্ধ চলছে, পাকিস্তানি বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন লাখ লাখ মানুষ। তাঁদের পাশে দাঁড়াতেই সেদিন গিটার হাতে মঞ্চে উঠেছিলেন এই তরুণ, নাম তাঁর জর্জ হ্যারিসন। দিনটি ছিল ১৯৭১ সালের ১ আগস্ট। হ্যারিসনের বয়স তখন মাত্র ২৮। তত দিনে ভেঙে গেছে বিটলস। একক সংগীতজীবন শুরু করেছেন এই ব্রিটিশ সংগীতশিল্পী। সেই জনপ্রিয়তাকেই তিনি কাজে লাগিয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্য। ৩০ বছর পর, ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান হ্যারিসন। বয়স হয়েছিল ৫৮ বছর। আজ তাঁর মৃত্যুর ২৫ বছর পূর্ণ হলো। বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে তিনি বিটলসের কিংবদন্তি, আমাদের কাছে তাঁর আরও একটি পরিচয়—বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।এক বন্ধুর ডাকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতি হ্যারিসনের ছিল গভীর অনুরাগ। সেই সূত্রেই পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে পরিচয়, পরে বন্ধুত্ব। একাত্তরে সেই বন্ধুই হ্যারিসনের সামনে তুলে ধরলেন বাংলাদেশের শরণার্থীদের দুর্দশার কথা। আত্মজীবনীমূলক গ্রন্থ আই মি মাইন–এ জর্জ হ্যারিসন জানিয়েছেন, ১৯৭১ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে কাজ করার সময় বাংলাদেশের শরণার্থীদের সাহায্যে একটি কনসার্ট আয়োজনের কথা তাঁকে জানান রবিশঙ্কর। পরে বিভিন্ন দেশের পত্র–পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধসংক্রান্ত সংবাদ পাঠাতে থাকেন তাঁর কাছে। সেসব পড়ে পরিস্থিতির গভীরতা উপলব্ধি করেন হ্যারিসন। বন্ধুর উদ্যোগে শামিল হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।বিটলস ভেঙে যাওয়ার পর সাবেক সহশিল্পীদের সঙ্গে হ্যারিসনের সম্পর্ক তখন খুব একটা স্বস্তিকর ছিল না। তা সত্ত্বেও ব্যক্তিগত অভিমান ভুলে সহশিল্পী ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন ও লিওন রাসেল রাজি হয়ে যান শুরুতেই। বব ডিলান ও এরিক ক্ল্যাপটনের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। অনুষ্ঠানের এক দিন আগে নিউইয়র্কে এসে পৌঁছান তাঁরা। আর এক সপ্তাহ আগে নিজের অপারগতার কথা জানিয়েছিলেন জন লেনন।৩০ বছর পর, ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে…
Leave a Reply