রাজধানীর পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে রোজিনা খাতুন (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে।পুলিশ জানিয়েছে, গৃহবধূর এই মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, রোজিনা সপরিবার পূর্ব নাখালপাড়ায় থাকতেন। তাঁর স্বামী আরিফ হাসান পেশায় বৈদ্যুতিক সামগ্রী ব্যবসায়ী। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আরিফ হাসানকে আটক করা হয়েছে।সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, রোজিনার লাশ মেঝেতে পড়ে ছিল। তাঁর গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সময় রোজিনার স্বামী আরিফ হাসান বাসায় ছিলেন। তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর কথাবার্তা অসংলগ্ন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে রোজিনার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।
Leave a Reply