প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।শিশুসন্তানের আবেগ, অনুভূতি ও চাহিদা অনুধাবন না করার ফলে তাদের মধ্যে নানা মানসিক জটিলতা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন অধ্যাপক মোহিত কামাল। তিনি বলেন, অনেক সময় সন্তানেরা যেসব সমস্যার মুখোমুখি হয়, সে বিষয়ে অভিভাবকেরা খোলামেলা আলোচনা করেন না। এর ফলে পরিস্থিতি মোকাবিলা করতে না পেরে শিশুরা ধীরে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।পরিবার থেকে বিচ্ছিন্নতার কারণে শিশুদের মধ্যে ‘আইডেন্টিটি ক্রাইসিস’ বা আত্মপরিচয়ের সংকট তৈরি হয় উল্লেখ করে তিনি জানান, এর নেতিবাচক প্রভাব শিশুর ব্যক্তিত্বের ওপর পড়ে। সবচেয়ে বড় ক্ষতি হলো, পরিবার থেকে দূরত্ব বাড়লে শিশুর আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় মারাত্মকভাবে কমে যায়। আর এই আত্মবিশ্বাসের অভাব থেকেই পরবর্তীতে শিশুদের মধ্যে একধরনের বেপরোয়া ভাব বা বৈশিষ্ট্য গড়ে ওঠে। তাই শিশুর সঠিক মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাসী করে তুলতে পরিবারে অভিভাবক ও সন্তানদের মধ্যে নিবিড় যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Leave a Reply