টাইম নিউজ ডেস্কঃ গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে চাঁদপুর জেলার শাহরাস্তি ও সদর উপজেলায় জেলা প্রশাসন, চাঁদপুরের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলায় পরিচালিত অভিযানে লাইসেন্স ব্যতীত ইটভাটায় ইট প্রস্তুত, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ (এক) কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন এবং জেলা প্রশাসনের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর সংশ্লিষ্ট ধারায় দুটি ইটভাটাকে সর্বমোট ৭,০০,০০০/- (সাত লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অপরদিকে, চাঁদপুর সদর উপজেলায় পরিচালিত অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় পৃথক দুটি মামলায় দুইজন ব্যক্তিকে সর্বমোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান এবং মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় পাঁচজন ব্যক্তিকে পাঁচটি পৃথক মামলায় সর্বমোট ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
উভয় উপজেলায় পরিচালিত অভিযানে সর্বমোট ৭,৫২,০০০/- (সাত লাখ বায়ান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থ সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রচলিত আইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন, চাঁদপুরের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান সব সময় অব্যাহত থাকবে।
Leave a Reply